দেশের আকাশেও আংশিক সূর্যগ্রহণ

২১ জুন, ২০২০ ১২:০২  
পৃথিবীর বিভিন্ন দেশে শুরু হয়েছে বছরের প্রথম বলয়গ্রাস সূর্যগ্রহণ (Annular solar eclipse)। বিশ্বের বিভিন্ন দেশের মতো বাংলাদেশেও দেখা যাচ্ছে এই বলয় সূর্যগ্রহণ। রোববার (২১ জুন) সকাল ৯টা ৪৬ মিনিট ৬ সেকেন্ডে শুরু হয় এ সূর্যগ্রহণ। এর স্থায়ীত্ব হবে ৩ ঘণ্টা ২৯ মিনিট। জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের একজন কর্মকর্তা জানান, বাংলাদেশে সূর্যগ্রহণ শেষ হবে ২টা ৪৮ মিনিট থেকে ৫৫ মিনিটের মধ্যে। সর্বোচ্চ গ্রহণ দেখা যাবে ভারতের যোশীমঠ শহরে বেলা ১২টা ৪০ মিনিটে। বছরের প্রথম সূর্যগ্রহণ দেখার জন্য ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে পর্যবেক্ষণ ক্যাম্প আয়োজন করা হয়েছে। তবে খালি চোখে সূরযগ্রহণ দেখা ঠিক নয়, তাতে চোখের ক্ষতি হতে পারে। বিশেষ সোলার ফিল্টার ছাড়া বাইনোকুলার বা টেলিস্কোপ দিয়ে অথবা এক্স-রে ফিল্ম বা সানগ্লাস দিয়ে সূর্যগ্রহণ দেখাও নিরাপদ নয়। আকাশ পরিষ্কার থাকা সাপেক্ষে রাজশাহী ও রংপুরে সকাল ১১টা ১৭ মিনিটে, খুলনায় সকাল ১১টা ২০ মিনিটে, ঢাকা ময়মনসিংহ ও বরিশাল বিভাগে সকাল ১১টা ২৩ মিনিটে, সিলেটে সকাল ১১টা ২৭ মিনিটে এবং চট্টগ্রামে সকাল ১১টা ২৮ মিনিটে সূর্যগ্রহণ দেখতে পাওয়ার কথা।